সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সিরাজগঞ্জের জেলা পর্যায়ের কর্মকর্তাদের কার্যক্রম সমন্বয়ের জন্য মতবিনিময়
- আপডেট সময় : ০৯:১১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সিরাজগঞ্জের জেলা পর্যায়ের কর্মকর্তাদের কার্যক্রম সমন্বয়ের জন্য মতবিনিময় সভা আজ সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ শাহজাহান।
রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, সরকার ও জনগণ আমাদের উপর আস্থা রেখেছে। আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের সুযোগ পেয়েছি। সকল পর্যায়ে সরকারি কর্মকর্তাসহ জনগণের সহযোগিতায় সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে আমরা আশাবাদী।
জেলা প্রশাসনের নির্বাচন সংশ্লিষ্ট গৃহীত কার্যক্রম উপস্থাপন করেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ কামরুল ইসলাম। তিনি জানান, অধিকাংশ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর ব্যবস্থা করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই এই কাজ শেষ হবে । যেসব কেন্দ্রে বিদ্যুৎ নাই সেখানে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। নির্বাচনী আচরণবিধির প্রতি পালনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ কাজ করছেন। আচরণবিধি লঙঘন করায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ বিভিন্ন সংস্থা তাদের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে অবহিত করে।

























