মুকসুদপুরে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল হামীদের গণসংযোগ
- আপডেট সময় : ০৯:৪৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-১ আসনে ক্রমেই বাড়ছে নির্বাচনী উত্তাপ। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল হামীদ মোল্যা মুকসুদপুর উপজেলায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন।
উপজেলার জলিরপাড় এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করে সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যান তিনি। এ সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাজার ও আশপাশের এলাকায় লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। গণসংযোগ ঘিরে এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর নির্বাচনী আমেজ।
গণসংযোগ শেষে কলিগ্রাম বেবির বাজারে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর জলিরপাড় ইউনিয়ন সভাপতি ফকির মিরাজ আলী শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুল হামীদ মোল্যা বলেন, “ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লা প্রতীকের কোনো বিকল্প নেই। জনগণ এবার যোগ্য, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব বেছে নেবে।”
পথসভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মুকসুদপুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক ইমরান সরদার, সেক্রেটারি প্রফেসর নজিবুর রহমান মোল্যা, সর্বদলীয় ঐক্য জোটের আহ্বায়ক মনিরুজ্জামান, কাঁশালিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাহামুদ মিয়া, সেক্রেটারি মাওলানা আবু নোমান মিয়া, জলিরপাড় ইউনিয়ন জামায়াতের খ্রিস্টান শাখার সভাপতি তোতন তালুকদার, হিন্দু শাখার সভাপতি এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ বলেন, গণমানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।

























