তারেক রহমানের জনসভা ঘিরে ভাওয়াল রাজবাড়ী মাঠ পরিদর্শনে গাজীপুর মহানগর জিয়া পরিষদ
- আপডেট সময় : ০৪:৩২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির রাজনৈতিক তৎপরতা যখন ক্রমেই জোরালো হচ্ছে, ঠিক সেই প্রেক্ষাপটে গাজীপুর শহরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠ পরিদর্শন করেছেন গাজীপুর মহানগর জিয়া পরিষদের নেতৃবৃন্দ। আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় এ মাঠ পরিদর্শন করা হয়।
মাঠ পরিদর্শন শেষে গাজীপুর মহানগর জিয়া পরিষদের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লা বলেন, দীর্ঘ ১৮ বছর পর তারেক রহমান ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে জনসভায় ভাষণ দিতে যাচ্ছেন। এটি শুধু একটি রাজনৈতিক সমাবেশ নয়, গাজীপুরবাসীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।
তিনি বলেন, গাজীপুরের এই জনসভা নির্বাচনী প্রচারণার একটি গুরুত্বপূর্ণ ধাপ। জনসভা শেষে তারেক রহমান ময়মনসিংহ বিভাগে ধারাবাহিকভাবে আরও কয়েকটি জনসভায় অংশ নেবেন। এর আগে তিনি সিলেট ও চট্টগ্রাম বিভাগে সফল জনসভা সম্পন্ন করেছেন বলেও জানান তিনি।
অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লা আরও বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাংলাদেশের উন্নয়নের একটি সুস্পষ্ট রোডম্যাপ। কৃষি ও শিল্পখাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, বেকার সমস্যা নিরসন এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই কর্মসূচির বাস্তবায়ন নিয়ে গাজীপুরের জনসভায় তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন।
জনসভাটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সফল করতে গাজীপুর মহানগর বিএনপিকে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শৃঙ্খলা রক্ষা ও জনসমাগম নিয়ন্ত্রণে আলাদা শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা, মহানগর ও থানা পর্যায়ের সকল ইউনিট সম্মিলিতভাবে প্রস্তুতি কার্যক্রমে অংশ নিচ্ছে।
তিনি আরও বলেন, ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠ ও এর আশপাশের এলাকা বিএনপির রাজনৈতিক ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের স্মৃতিবিজড়িত এই স্থানেই জনসভা আয়োজন বিএনপির রাজনৈতিক ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ।
মাঠ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রো সদর থানা জিয়া পরিষদের সভাপতি অ্যাডভোকেট মাহবুব আলম, সদস্য সচিব সায়েম সাকিবুল, যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম (কাঞ্চন), মহানগর জিয়া পরিষদের সাবেক যুগ্ম সম্পাদক মাফিকুর রহমান সেলিমসহ জিয়া পরিষদ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।


























