মাদারীপুরে সাবেক মন্ত্রী আব্দুল মান্নান শিকদারের জীবনীগ্রন্থের প্রকাশনা উৎসব
- আপডেট সময় : ০৮:৩৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

মাদারীপুরে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর, সাবেক মন্ত্রী, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল মান্নান শিকদারের জীবনীগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর লিগাল এইড অ্যাসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উৎসবে সভাপতিত্ব করেন আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনের সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, মাদারীপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মোহাম্মদ শহীদ, বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসক ডা. গোলাম সারোয়ার, আব্দুল মান্নান শিকদারের ছোট ভাই আব্দুল হান্নান সিকদার, ডা. লুৎফর রহমান, শব্দ প্রকাশনীর প্রকাশক কাজী আদনান কবিরসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহাদাত হোসেন লিটন।
আলোচনা পর্বে বক্তারা আব্দুল মান্নান শিকদারের রাজনৈতিক জীবন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সময়ে তাঁর অবদান এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের নানা দিক তুলে ধরেন। তারা বলেন, তিনি ছিলেন একজন সৎ, আদর্শবান ও জনদরদী রাজনীতিবিদ। তাঁর সততা, নীতিনিষ্ঠা ও মানবিক মূল্যবোধ আজকের প্রজন্মের জন্য অনুকরণীয়।
উৎসবে প্রকাশিত জীবনীগ্রন্থের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন মাসুদ সুমন। প্রাণবন্ত আলোচনা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
জীবনীগ্রন্থটির শিরোনাম “আব্দুল মান্নান শিকদার: সমাজ, রাজনীতি ও মানবতার দৃষ্টান্ত” এবং এটি লিখেছেন তার মেয়ে সায়েমা জেরিন।


























