নোয়াখালীতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৩
- আপডেট সময় : ০৮:৪৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

নোয়াখালীর সদর উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সিফাত (৩) নামে এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আরও তিনজন আহত হয়েছেন। সবাই ছিলেন অটোরিকশার যাত্রী।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের আনন্দ পুকুর পাড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত সিফাত উপজেলার নোয়ান্নই ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মো. রাসেলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে জেলা শহর মাইজদী থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা বাঁধের হাটের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে আনন্দ পুকুর পাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সিফাতকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই স্থানীয়রা পিকআপ ভ্যানের চালককে গাড়িসহ আটক করে পুলিশে খবর দেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

















