গাইবান্ধায় শিশু সাংবাদিকতার কর্মশালা শেষে সনদ বিতরণ
- আপডেট সময় : ১০:০৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা শেষে বুধবার বিকেলে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়েছে।
এই কর্মশালায় জেলার সাতটি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্বাচিত ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ইউনিসেফের অংশীদারিত্বে বিশ্বের প্রথম বাংলা শিশু সাংবাদিকতা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ কর্মশালার আয়োজন করে।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীন সাংবাদিক, উদীচীর জেলা সংসদের সভাপতি ও গণ উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহুরুল কাইয়ুম। প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান, দৈনিক আজকের জনগন এর প্রকাশক ও সম্পাদক এম. আব্দুস সালাম। ফোকাস বাংলার গাইবান্ধা প্রতিনিধি কুদ্দুস আলমও বক্তব্য রাখেন।
উদ্বোধন করেন মঙ্গলবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.কে.এম. হেদায়েতুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার ইশতিয়াক আহমদ আবীর, দৈনিক মাধুকর এর সম্পাদক কে এম রেজাউল হক, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি ও জিইউকের সমন্বয়কারী আফতাব হোসেন, সাংবাদিক আবু সায়েম শান্ত, আরিফুল ইসলাম লিটু ও শহিদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন হ্যালোর জেলা তত্তাবধায়ক, দৈনিক ইত্তেফাক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা।
কর্মশালায় শিশুদের মৌলিক সাংবাদিকতার ধারণা, শিশু অধিকার আইন, শিশু শ্রম আইন, সংবাদ লেখা ও উপস্থাপনা, তথ্য যাচাইয়ের কৌশল, নৈতিক সাংবাদিকতা, প্রতিবেদনের বিষয়বস্তু নির্ধারণ, মাঠে কাজের চ্যালেঞ্জ ও সমাধান, মোবাইল ফোনে ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ প্রদান করেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সমন্বয়ক মো. মনির হোসাইন।
কর্মশালার শেষে শিশু সাংবাদিকরা অতিথিদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

















