লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- আপডেট সময় : ০১:২৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

লালমনিরহাটের কালীগঞ্জে বেপরোয়া গতির একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রাহেবুল ইসলাম (৪৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাকিনা কবিবাড়ি এলাকায় লালমনিরহাট–বুড়িমারী মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রাহেবুল ইসলাম তুষভান্ডার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবু তালেব মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে লালমনিরহাট থেকে একটি ড্রাম ট্রাক রংপুরের দিকে যাচ্ছিল। একই সময় রাহেবুল ইসলাম মোটরসাইকেলযোগে বিপরীত দিক থেকে কালীগঞ্জের দিকে আসছিলেন। কাকিনা কবিবাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে রাহেবুল ইসলাম মারা যান।
খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ঘাতক ড্রাম ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

















