রূপগঞ্জে দুই মাদক সম্রাট গ্রেফতার, উদ্ধার বিপুল পরিমাণ ইয়াবা-গাঁজা
- আপডেট সময় : ০৫:২৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় র্যাব-১১-এর মাদক বিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৬৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে র্যাব-১১-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হলেন মোঃ নিঘুম (৩০) ও মোঃ ইমন (২৮)।
নারায়ণগঞ্জ র্যাব-১১-এর সিনিয়র এডিশনাল স্কোয়াট কমান্ডার মোঃ শামসুর রহমান বিষয়টি প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করেছেন।
র্যাব-অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত নিঘুম ও ইমন দুই ভাই দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও গাঁজা সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল। এই অভিযান র্যাব-১১-এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে পরিচালনা করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। র্যাব-১১ মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে।

















