ফেনী-৩
দ্বৈত নাগরিকত্ব বিতর্ক পেরিয়ে ভোটের মাঠে বিএনপির মিন্টু
- আপডেট সময় : ০৬:০৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

ফেনী-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসক মনিরা হক নিজ কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান।
ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি আবদুর রহিম মিন্টুর দ্বৈত নাগরিকত্ব বিষয়টি জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা জানান, মিন্টুর পূর্বে দ্বৈত নাগরিকত্ব ছিল। ২০২৫ সালের ৯ ডিসেম্বর তিনি তা পরিত্যাগ করেছেন এবং মার্কিন দূতাবাসে নাগরিকত্ব বাতিলের জন্য আবেদন করেছেন। সংবিধানের বিধান অনুযায়ী, বিদেশি নাগরিকত্ব ত্যাগের কারণে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর আবদুল আউয়াল মিন্টু সাংবাদিকদের বলেন, “যারা আমার কাগজপত্র যাচাই-বাছাই করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। ফেনীর জনগণের কল্যাণে ও উন্নয়নের জন্যই আমি এই নির্বাচন করছি।”
হলফনামা অনুযায়ী, ব্যবসায়ী মিন্টুর মোট সম্পদ ৫০৭ কোটি ৮০ লাখ ৮ হাজার ১৭১ টাকা, এবং গত অর্থবছরে দেশের ভেতরে তার বার্ষিক আয় ১ কোটি ৫০ লাখ ৭৯ হাজার ৮৯০ টাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে ১১ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বাতিল এবং ৭ জনের বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন: বিএনপির আবদুল আউয়াল মিন্টু, জাতীয় পার্টি থেকে মো. আবু সুফিয়ান, জামায়াতে ইসলামী থেকে মোহাম্মদ ফখরুদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো. সাইফ উদ্দিন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ থেকে মো. আবু নাছের, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) থেকে আবদুল মালেক এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে মোহাম্মদ খালেকুজ্জামান পাটোয়ারী।
এদিকে সরকারি পাওনা পরিশোধ না করা, হলফনামায় স্বাক্ষর না থাকা ও ভোটারের তথ্য সমস্যার কারণে অন্য প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

















