গাজীপুরে ‘জুলাই যোদ্ধা’ সুরভীর রিমান্ড বাতিল, চার সপ্তাহের জামিনে মুক্তি
- আপডেট সময় : ০৬:৫৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া ‘জুলাই যোদ্ধা’ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাহরিমা জান্নাত সুরভীর রিমান্ড বাতিল করে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৫ জানুয়ারি) দিনভর আন্দোলন, আলোচনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের মধ্য দিয়ে এ আদেশ দেন জেলা ও দায়রা জজ আদালত। এর আগে সকালে সুরভীর মুক্তি ও রিমান্ড বাতিলের দাবিতে আদালত প্রাঙ্গরে সমবেত হন জুলাই যোদ্ধারা। তারা স্লোগান দিয়ে অভিযোগ করেন, পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, গত ২৪ ডিসেম্বর গভীর রাতে টঙ্গীর নিজ বাসা থেকে যৌথ বাহিনীর অভিযানে ঘুমন্ত অবস্থায় তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
পুলিশের তথ্যমতে, মামলার বাদী সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয় ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ এনে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন। পরে আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরপর সুরভীর পক্ষে আইনজীবীরা রিভিশন আবেদন করলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দুপুরে দুই দিনের রিমান্ড বাতিল করে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
সুরভীর আইনজীবী মোস্তাফিজুর রহমান কামাল বলেন, আদালতের এ সিদ্ধান্ত ন্যায্য বিচারের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
সুরভীর মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গরে উপস্থিত জুলাই যোদ্ধারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেন। তারা বলেন, নির্দোষ মানুষকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হচ্ছে।
এ বিষয়ে গাজীপুর-২ আসনের এনসিপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী নাসের খান বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দ্রুত ও ন্যায়সংগত সমাধান প্রত্যাশা করছি।
গাজীপুরের পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন বলেন, মামলাটি তার দায়িত্ব গ্রহণের আগের। তবে কোনো ধরনের অবিচার যেন না হয়, সে বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে দেখবেন।
























