লালমনিরহাটে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, অসুস্থ ৯ জন
- আপডেট সময় : ০৪:২১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

লালমনিরহাটের পাটগ্রামে খাবারে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুসহ ৯ জন অসুস্থ হয়ে পড়েছেন।
সোমবার (৩০ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের গুড়িয়াটারী এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপনে কে বা কারা ভাতের হাঁড়িতে চেতনানাশক ওষুধ মিশিয়ে রাখে। পরে ওই ভাত খাওয়ার পর পরিবারের সদস্যরা একে একে অচেতন হয়ে পড়েন। তাদের দ্রুত উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অসুস্থদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ‘আলম’ নামে এক ব্যক্তি, যিনি এলাকায় মিষ্টি আলু বিক্রেতা হিসেবে পরিচিত, ঘটনার দিন সকাল থেকেই বাড়িতে আসা-যাওয়া করছিলেন। তিনি মিষ্টি আলু দেওয়ার কথা বলে খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


























