লক্ষ্মীপুরে ডাম্প ট্রাকের চাপায় স্কুলছাত্রী নিহত
- আপডেট সময় : ০৭:৩৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে দ্রুতগতির ডাম্প ট্রাকের চাপায় আফরিন আক্তার (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশা চালক মো. রাজু গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে জেলা শহরের এলজিইডি ভবন সংলগ্ন লক্ষ্মীপুর–ঢাকা আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আফরিন আক্তার লক্ষ্মীপুর পৌরসভার মজুপুর এলাকার আক্তার পাটোয়ারীর মেয়ে এবং কাকলী শিশু অঙ্গনের শিক্ষার্থী ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি দ্রুতগতির ডাম্প ট্রাক সড়কে চলমান একটি অটোরিকশাকে পেছন দিক থেকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে থাকা লোকজন দ্রুত আহত স্কুলছাত্রী আফরিন ও অটোরিকশা চালক রাজুকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান।
সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আফরিন আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অটোরিকশা চালক রাজুর অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, দুর্ঘটনায় জড়িত ডাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে হাইওয়ে পুলিশ কাজ করছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

















