পাংশায় ট্রাকের চাপায় মোটরসাইকেলে দুই কিশোর নিহত
- আপডেট সময় : ০৯:৫৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

রাজবাড়ীর পাংশা উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেলে থাকা দুই কিশোর নিহত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) রাতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার সুগন্ধা ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাংশা পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে ১৬ বছর বয়সী মিরাজ শেখ এবং একই এলাকার সাইদুল প্রামাণিকের ছেলে ১৭ বছর বয়সী সজীব প্রামাণিক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে মিরাজ ও সজীব আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকা থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ির দিকে ফিরছিল। পথে সুগন্ধা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে পেছন দিক থেকে রাজবাড়ীগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিরাজের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় সজীবকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান মুরাদ জানান, দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ট্রাক ও চালক শনাক্ত করে আটকের জন্য পুলিশের অভিযান চলছে।

















