রাউজানে যুবদলের সাবেক নেতাকে গুলি করে হত্যা
- আপডেট সময় : ০৯:৪৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজান উপজেলায় জানে আলম সিকদার (৩৪) নামের যুবদলের এক সাবেক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।নিহত জানে আলম সিকদার রাউজান উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের খাবারের আগে জানে আলম বাড়ির গেটসংলগ্ন উঠানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিন যুবক সেখানে আসে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলের পেছনে বসা একজন খুব কাছ থেকে জানে আলমের বুকে পরপর দুটি গুলি ছোঁড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হামলার পরপরই দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
রাউজান উপজেলা যুবদলের নেতারা জানান, স্থানীয় রাজনৈতিক কিছু ঘটনার পর জানে আলম বেশ কিছুদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন না। এর আগে তিনি উপজেলা যুবদলের সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
নিহতের পরিবারের সদস্যদের দাবি, জানে আলমের সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা ছিল না। কী কারণে তাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে, তা তারা বুঝতে পারছেন না।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে গেছে। হত্যাকাণ্ডে জড়িতদের এখনো আটক করা সম্ভব হয়নি। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

















