কুলাউড়ায় ঋণের চাপে রিকশাচালকের আত্মহত্যা
- আপডেট সময় : ০৯:৩৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের নন্দীরগ্রামে ঋণের চাপ সইতে না পেরে গৌরাঙ্গ দাস (৫৫) নামে এক রিকশাচালক আত্মহত্যা করেছেন। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় নিজ বাড়ির পাশে একটি গাছের সঙ্গে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গৌরাঙ্গ দাস দীর্ঘদিন ধরে বিভিন্ন এনজিও ও ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে চরম অর্থসংকটে ভুগছিলেন। প্রতিদিন কিস্তি পরিশোধের চাপ, সংসারের অভাব-অনটন এবং দেনাদারদের তাগিদে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। শেষ পর্যন্ত হতাশা ও নিরুপায় অবস্থায় তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে ধারণা স্থানীয়দের।
নিহত গৌরাঙ্গ দাস তিন সন্তানের জনক ছিলেন। পেশায় তিনি রিকশাচালক। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি ঋণগ্রস্ত মানুষের মধ্যেও আতঙ্ক ও গভীর হতাশা ছড়িয়ে পড়েছে।
পৃথিমপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাবাসীর কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, প্রতিদিনের কিস্তির চাপ ও তীব্র অর্থকষ্টের কারণে গৌরাঙ্গ মানসিকভাবে চরম হতাশায় ভুগছিলেন।
কুলাউড়া থানার ওসি মো. মনিরুজ্জামান মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

















