এসআইইউসিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্য, ৪ স্বর্ণপদক জয়
- আপডেট সময় : ১১:৪০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটি কার্বনডেলে (এসআইইউসি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ফল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় দারুণ সাফল্য অর্জন করেছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। তাঁরা ক্রিকেট, ব্যাডমিন্টন, দাবা ও টেবিল টেনিসে পদক জিতেছেন।
বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট রিক্রিয়েশন সেন্টারে ৯ থেকে ১১ অক্টোবর তিন দিনব্যাপী এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, লাতিন আমেরিকা, আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের আন্তর্জাতিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ক্রিকেটে বাংলাদেশি শিক্ষার্থীদের দল শ্রীলঙ্কান শিক্ষার্থীদের দলকে হারিয়ে স্বর্ণপদক জেতে। ব্যাডমিন্টনে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ—তিনটি পদকই জিতেছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। এ ছাড়া দাবা ও টেবিল টেনিসে স্বর্ণপদক অর্জন করেছেন তাঁরা। সব মিলিয়ে বাংলাদেশি শিক্ষার্থীরা চারটি স্বর্ণ, একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জপদক জেতেন, যা একক দল হিসেবে সর্বোচ্চ।
বিদেশের মাটিতে উচ্চশিক্ষার পাশাপাশি খেলাধুলায়ও বাংলাদেশি শিক্ষার্থীদের এই সাফল্য নিঃসন্দেহে গর্বের বিষয়। তাঁদের এ অর্জন বিশ্ববিদ্যালয় অঙ্গনে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতিভা, দক্ষতা ও দলগত প্রচেষ্টার পরিচয় তুলে ধরেছে।
বাংলাদেশ দলের অধিনায়ক ও বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী তামিনুল ইসলাম রাফি বলেন, ‘এখানে আমরা সবাই পিএইচডি অথবা মাস্টার্সের শিক্ষার্থী। সবারই পড়াশোনা ও গবেষণার চাপ থাকে। এরপরও আমরা খেলাধুলায় মনোযোগ দিতে পেরেছি। বিদেশের মাটিতে এই অর্জন বাংলাদেশি হিসেবে আমাদের গর্বিত করে। আমাদের চেষ্টা থাকবে আগামী দিনেও যেন এই সাফল্যের ধারা বজায় থাকে।’
বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নেহাল আহমেদ মজুমদার জানান, আন্তর্জাতিক অঙ্গনে এমন সাফল্য বাংলাদেশের জন্য নিঃসন্দেহে এক গর্বের অধ্যায়। বাংলাদশে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সার্বক্ষণিক সব ধরনের উৎসাহ ও সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাবে।



















