ইসলামপুরে চামারবাড়ি সেতু মরণফাঁদ, লক্ষাধিক মানুষের জীবন ঝুঁকিতে
- আপডেট সময় : ০৭:২২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়নের চামারবাড়ি খালের ওপর নির্মিত সেতুটি বর্তমানে মরণফাঁদে পরিণত হয়েছে। গোয়ালের চর ইউনিয়ন ও বকশীগঞ্জ উপজেলার নিলক্ষীয়া ইউনিয়নের সংযোগ সড়কে অবস্থিত এ সেতু দিয়ে প্রতিদিন ছয় থেকে সাতশ’ ছোট-বড় যানবাহন চলাচল করে। পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীসহ কয়েক হাজার পথচারী জীবনের ঝুঁকি নিয়ে সেতুটি ব্যবহার করছেন।
এলাকাবাসী জানান, দুই উপজেলার লক্ষাধিক মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এই সেতুটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আশির দশকের শুরুতে পায়ে হেঁটে চামারবাড়ি খাল পারাপারের জন্য ফুট সেতুটি নির্মাণ করা হয়। নির্মাণের পর প্রায় অর্ধশত বছর পেরিয়ে গেলেও সেতুটি সংস্কার কিংবা পুনর্নির্মাণে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে দীর্ঘদিনের ব্যবহারে সেতুটি এখন মারাত্মকভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে।
অটোরিকশা চালক সাইদুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে এই সেতুর ওপর দিয়ে চলাচল করছি। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয় জাকির হোসেন বলেন, ‘সেতুর ওপর উঠলেই মনে হয় এই বুঝি ভেঙে পড়বে।
জীবন-জীবিকার তাগিদে বাধ্য হয়েই চলাচল করতে হচ্ছে। নতুন সেতু নির্মাণের জন্য স্থানীয় এমপি, ধর্মমন্ত্রীসহ রাজনৈতিক নেতা ও প্রশাসনের কর্মকর্তাদের জানিয়েছি, কিন্তু এখনো কোনো ফল পাইনি।’
মোফাজ্জল হক বলেন, হাজার হাজার মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সেতুটি ব্যবহার করছেন।
গোয়ালের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, চামারবাড়ি খালের ওপর নতুন একটি সেতু নির্মাণের জন্য বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছি। তবে এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রকৌশলী আমিনুল হক জানান, ওই সড়কে একটি গার্ডার নির্মাণ করা হয়েছে এবং আরও একটি সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া চামারবাড়ি সেতু নির্মাণের পরিকল্পনাও স্থানীয় সরকার বিভাগ গ্রহণ করেছে।
এলাকাবাসীর দাবি, সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দ্রুত সময়ের মধ্যে চামারবাড়ি খালের ওপর নতুন সেতু নির্মাণ করা হোক।

















