জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে চালু হলো বিনা মূল্যে হুইলচেয়ার সেবা
- আপডেট সময় : ১১:২৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে

শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি ও বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থীদের জন্য বিনা মূল্যে হুইলচেয়ার সেবা চালু করেছে জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আজ মঙ্গলবার সকাল থেকে দর্শনার্থীদের জন্য এই সেবা উন্মুক্ত করা হয়েছে। আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দর্শনার্থীরা জাদুঘরের প্রবেশমুখ থেকেই সরাসরি হুইলচেয়ার সেবা নিতে পারবেন। দর্শনার্থীর সঙ্গে পরিবারের সদস্য বা স্বজন থাকলে তাঁরা হুইলচেয়ার পরিচালনা করে পুরো জাদুঘর ঘুরে দেখতে পারবেন। কোনো দর্শনার্থী একা এলে তাঁকে পুরো জাদুঘর ঘুরে দেখানো এবং প্রয়োজনীয় সহায়তার জন্য সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকবেন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকেরা।
.
জাদুঘরের অবকাঠামো ও প্রদর্শনী কক্ষগুলো যাতে হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ বাধাহীন ও নির্বিঘ্ন থাকে, সে বিষয়েও বিশেষ নজর রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এই সেবা নিয়ে জাদুঘরের মহাপরিচালক এহ্সান মাহমুদ বলেন, জুলাই জাদুঘর এ দেশের প্রত্যেক নাগরিকের স্মৃতি ও অনুভূতির জায়গা। শারীরিক কোনো সীমাবদ্ধতা যেন কারও ইতিহাস জানা ও জাদুঘর পরিদর্শনের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে জন্যই এই বিশেষ সেবা যুক্ত করা হয়েছে।






















