অবশেষে মাঠে ফেরার অনুমতি পেলেন রিজওয়ান
- আপডেট সময় : ০২:০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

অনলাইন বেটিং ও জুয়া-সংক্রান্ত তদন্তের কারণে এত দিন মাঠে নামা আটকে ছিল মোহাম্মদ রিজওয়ানের। এবার সেই বাধা কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার সুযোগ পেলেন পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান।
১৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১-এর শেষ রাউন্ডে খেলতে পারবেন তিনি। সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেডের (এসএনজিপিএল) অধিনায়ক হিসেবেও ফিরছেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার এ খবর জানিয়েছে।
রিজওয়ানের ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন এসএনজিপিএলের ক্রিকেট পরিচালক মোহাম্মদ হাফিজ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ঘরোয়া ক্রিকেট বিভাগের পরিচালকের কাছ থেকে ছাড়পত্র পাওয়ার পরই তাঁর খেলার পথ খুলেছে। তবে তাঁর বিরুদ্ধে চলমান তদন্তের কোনো সুরাহা হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।
গত মাসের মাঝামাঝিতে শেষ হওয়া ইংল্যান্ড সফর থেকে রিজওয়ানের বিরুদ্ধে অনলাইন বেটিং ও জুয়া-সংক্রান্ত অভিযোগের তদন্ত করছে পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)। এ কারণে আট দলের প্রথম শ্রেণির টুর্নামেন্ট প্রেসিডেন্টস ট্রফিতে তাঁর অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
জিও সুপারের খবর অনুযায়ী, ইংল্যান্ড সফরে পাকিস্তানের টেস্ট দল থেকে মাঝপথে বাদ পড়ার পর এসএনজিপিএলের সঙ্গে যোগ দেন রিজওয়ান। অধিনায়ক শান মাসুদের অনুপস্থিতিতে তাঁরই দলটির নেতৃত্ব দেওয়ার কথা ছিল। দলের অনুশীলন ও সভাতেও অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু এরপর পিসিবি কর্তৃপক্ষ এসএনজিপিএলের সঙ্গে যোগাযোগ করে রিজওয়ানকে না খেলানোর নির্দেশ দেয়। বোর্ড জানায়, তাঁর বিরুদ্ধে তদন্ত চলমান।
চলতি সপ্তাহের শুরুতে রিজওয়ান ও পিসিবির মধ্যে আবার যোগাযোগ শুরু হয়। তবে প্রেসিডেন্টস ট্রফিতে খেলার অনুমতি চেয়ে নয়, নেপাল প্রিমিয়ার লিগে অংশ নেওয়ার জন্য অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছিলেন তিনি। ওই টুর্নামেন্টের একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাঁর চুক্তিও চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে জিও সুপার।
এদিকে এসএনজিপিএল কর্তৃপক্ষও রিজওয়ানের সঙ্গে যোগাযোগ করে তাঁকে প্রেসিডেন্টস ট্রফির শেষ রাউন্ডে খেলার অনুরোধ জানায়। ঘরোয়া ক্রিকেটে ফেরার ছাড়পত্র পেলেও নেপাল প্রিমিয়ার লিগে খেলার এনওসি এখনো পাননি তিনি।
ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্টস ট্রফি শেষ হওয়ার পর নেপাল প্রিমিয়ার লিগে খেলার অনুমতি দিতে পারে পিসিবি। পাকিস্তানে ঘরোয়া ক্রিকেটের প্রতিযোগিতা চলাকালে বিদেশি লিগে খেলার অনুমতি দিতে সাধারণত অনাগ্রহী বোর্ডটি। সে কারণে নেপাল প্রিমিয়ার লিগে রিজওয়ানের অংশগ্রহণের বিষয়টি আপাতত ঝুলেই থাকছে। যেমন ঝুলে আছে তদন্ত পরবর্তী রিজওয়ানের ভাগ্যও।



















