রাশিয়ায় বিদেশি শিক্ষার্থী ও স্কুলপড়ুয়াদের জন্য অনলাইন আইন অলিম্পিয়াড
- আপডেট সময় : ০৮:২০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে

বাংলাদেশি স্কুলশিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য রাশিয়ার স্বনামধন্য প্রতিষ্ঠানে সম্পূর্ণ সরকারি বৃত্তিতে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের অনন্য সুযোগ তৈরি হয়েছে। রাশিয়ান ফেডারেশনের সুপ্রিম কোর্টের অধীন বিখ্যাত ‘ভি এম লেবেদেভ রাশিয়ান স্টেট ইউনিভার্সিটি অব জাস্টিস’ আন্তর্জাতিক শিক্ষার্থী ও স্কুলপড়ুয়াদের জন্য অনলাইনভিত্তিক ফেমিডা ২০২৬ আইন অলিম্পিয়াডের আয়োজন করতে যাচ্ছে। বাংলাদেশে অবস্থিত রাশিয়ান হাউসের মাধ্যমে সমন্বয়কৃত এই প্রতিযোগিতায় অংশ নিয়ে মেধা প্রমাণের মাধ্যমে বাংলাদেশি তরুণেরা রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে সরাসরি কোটায় ভর্তি ও স্কলারশিপ অর্জনের সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীরা সম্পূর্ণ বিনা মূল্যে অনলাইনে আগামী ৬ নভেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
অনলাইনভিত্তিক এই প্রতিযোগিতা মূলত দুটি পৃথক ক্যাটাগরিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফেমিডা স্টুডেন্ট অলিম্পিয়াড এবং ফেমিডা স্কুল অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ষের শিক্ষার্থীসহ যাঁরা ইতিমধ্যে ব্যাচেলর, মাস্টার্স বা স্পেশালিস্ট ডিগ্রি অর্জন করেছেন, তাঁরা স্টুডেন্ট ক্যাটাগরিতে অংশ নিতে পারবেন। অন্যদিকে দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করা তরুণেরা স্কুল অলিম্পিয়াডে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবেন। আগামী ৬ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত প্রতিযোগিতার মূল পর্বগুলো অনুষ্ঠিত হবে। অলিম্পিয়াডটিতে অংশগ্রহণকারীদের সুবিধার্থে ইংরেজি ও রুশ দুটি ভাষাতেই প্রশ্ন ও মূল্যায়নপ্রক্রিয়া পরিচালনার ব্যবস্থা রাখা হয়েছে।
প্রতিযোগিতায় সফল বিজয়ী ও পুরস্কারপ্রাপ্তদের জন্য রয়েছে বেশ কিছু আকর্ষণীয় সম্ভাবনা ও সুবিধা। স্টুডেন্ট অলিম্পিয়াডের বিজয়ীরা সরাসরি রাশিয়ান সরকারের নির্ধারিত কোটায় বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর, মাস্টার্স ও স্পেশালিস্ট ডিগ্রিতে ভর্তির সুযোগ পাবেন। এর মধ্যে রয়েছে জুরিসপ্রুডেন্স (আইন) এবং ফরেনসিক সায়েন্সের (বৈজ্ঞানিক অপরাধ তদন্ত) মতো গুরুত্বপূর্ণ বিষয়াবলি।
অংশগ্রহণকারীরা স্কুল অলিম্পিয়াডের জন্য নির্দিষ্ট লিংক এবং স্টুডেন্ট অলিম্পিয়াডের জন্য পোর্টালে ভিজিট করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
বিশ্বমঞ্চে নিজের মেধা প্রকাশ এবং আইন ও বিচারব্যবস্থায় বৈশ্বিক জ্ঞান অর্জনের মাধ্যমে রাশিয়ায় স্বপ্নের ক্যারিয়ার গড়তে এই অলিম্পিয়াড বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি অনন্য মাইলফলক হিসেবে কাজ করবে।


















