লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব
- আপডেট সময় : ০৫:৫৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ১১ বার পড়া হয়েছে

লাইভ ভিডিওর অভিজ্ঞতা আরও নিরবচ্ছিন্ন করতে নতুন ফিচার চালু করছে ইউটিউব। এতে লাইভস্ট্রিম চলাকালে দর্শকের অংশগ্রহণ বেশি থাকলে স্বয়ংক্রিয়ভাবে বিজ্ঞাপন বন্ধ থাকবে বলে জানিয়েছে প্ল্যাটফর্মটি। এতদিন পেইড সাবস্ক্রিপশন ছাড়া লাইভ ভিডিওতে বিজ্ঞাপন এড়ানোর সুযোগ সীমিত ছিল। নতুন এই ব্যবস্থায় নির্দিষ্ট পরিস্থিতিতে বিনা খরচেই বিজ্ঞাপন ছাড়া লাইভ দেখা যাবে।
ইউটিউব জানিয়েছে, লাইভ চ্যাটে হঠাৎ বার্তার পরিমাণ বেড়ে গেলে বা দর্শকের সক্রিয়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলে তাদের সিস্টেম তা শনাক্ত করবে। এরপর ওই সময়ের জন্য স্বয়ংক্রিয়ভাবে বিজ্ঞাপন বন্ধ রাখা হবে, যাতে লাইভের স্বাভাবিক প্রবাহ ব্যাহত না হয়।
প্ল্যাটফর্মটির মতে, লাইভস্ট্রিমে দর্শকের অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই গুরুত্বপূর্ণ মুহূর্তে বিজ্ঞাপন দেখানো হলে তা দর্শক ও কনটেন্ট নির্মাতা—দু’পক্ষের জন্যই বিরক্তিকর হতে পারে।
এছাড়া, দর্শকেরা যখন সুপার চ্যাট, সুপার স্টিকার বা অন্যান্য পেইড ফিচারের মাধ্যমে নির্মাতাকে সমর্থন করবেন, তখন কিছু সময়ের জন্য বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতা পাবেন। সুপার চ্যাট ফিচারের মাধ্যমে অর্থ দিয়ে চ্যাটে নিজের বার্তাকে আলাদাভাবে প্রদর্শন করা যায়।
লাইভস্ট্রিম–সংক্রান্ত আরও কিছু আপডেটও ঘোষণা করেছে ইউটিউব। এখন আরও বেশি দেশে নির্মাতারা দর্শকদের কাছ থেকে উপহার গ্রহণ করতে পারবেন। পাশাপাশি মোবাইল থেকে হরিজন্টাল লাইভস্ট্রিমেও জিআইএফ পাঠানোর সুবিধা যুক্ত হচ্ছে।
ইউটিউবের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে লাইভ ভিডিও দেখার সময়ের ৩০ শতাংশের বেশি এসেছে সংযুক্ত টিভি ডিভাইস থেকে। তাই বিভিন্ন ধরনের স্ক্রিনে লাইভস্ট্রিম আরও উপযোগী করতে এসব পরিবর্তন আনা হচ্ছে।























