‘কৃষক কার্ড’ পাবে ২ কোটি ৭৫ লাখ মানুষ : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৪:৩৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

আগামী পাঁচ বছরে দেশের ২ কোটি ৭৫ লাখ কৃষককে ‘কৃষক কার্ড’ দেওয়া হবে বলে জানিয়েছেন তারেক রহমান। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের সহায়তায় সরকার ইতোমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে। প্রথম সপ্তাহেই কৃষি ঋণের ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ করা হয়েছে, যার সুবিধা পেয়েছেন প্রায় ১২ লাখ কৃষক।
তিনি আরও বলেন, কৃষিনির্ভর এলাকায় কৃষির সঙ্গে সম্পর্কিত কলকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে, যাতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান। কৃষিপণ্যের সংরক্ষণ ও বাজারজাতকরণ সহজ করতে কোল্ডস্টোরেজ নির্মাণেও দেশি-বিদেশি ব্যবসায়ীদের আগ্রহ রয়েছে বলে জানান তিনি।
এর আগে মঙ্গলবার সকালে ঢাকা থেকে সড়কপথে টাঙ্গাইল-এর উদ্দেশে রওনা হয়ে বেলা সাড়ে ১১টার দিকে শহীদ মারুফ স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে দুপুর সাড়ে ১২টার দিকে প্রধান অতিথি হিসেবে কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
মোহাম্মদ আমিন উর রশিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
এ সময় প্রধানমন্ত্রী নিজ হাতে ১৫ জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করেন এবং গাছের চারা তুলে দেন। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরও ৯টি উপজেলায় কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করেন।
























