২০ মাস ধরে বেতনহীন বাক-প্রতিবন্ধী কবির: পরিবার নিয়ে কাটছে মানবেতর দিন
- আপডেট সময় : ০৯:৫৫:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার মাস্টার রোলের কর্মচারী এবং চাঁদ সওদাগর মাজারের খাদেম কবির হোসেন গত ২০ মাস ধরে কোনো বেতন পাচ্ছেন না। দীর্ঘ সময় বেতন না পাওয়ায় ৪ সদস্যের পরিবার নিয়ে তিনি চরম অসহায়তায় দিন কাটাচ্ছেন।
রুদ্রপুর গ্রামের বাসিন্দা কবির হোসেন দীর্ঘদিন ধরে মাজারে পরিচ্ছন্নতাকর্মী ও খাদেম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। স্থানীয়রা জানান, রাজনৈতিক পরিবর্তনের পর থেকে তার বেতন ও ভাতা বন্ধ হয়ে যায়। কথা বলতে না পারা এই মানুষটি বর্তমানে অভাবের তাড়নায় দিশেহারা। ঘরে খাবারের সংকট, অথচ কার কাছে নিজের কষ্টের কথা বলার ভাষা নেই।
শতবর্ষের ঐতিহ্যবাহী চাঁদ সওদাগরের মাজারটির দেখাশোনা ও পরিচ্ছন্নতার কাজ কবির হোসেন নিষ্ঠার সঙ্গে করে আসলেও বর্তমানে মাজারের বেহাল দশার সঙ্গে তার মানবেতর অবস্থাও যুক্ত হয়ে গেছে।
দীর্ঘদিন বেতন বন্ধ থাকার ঘটনায় কোটচাঁদপুরের সচেতন মহল গভীর দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দাবি করেছেন, একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি যিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন, তার বেতন আটকে রাখা অমানবিক। দ্রুত বকেয়া বেতন পরিশোধ এবং নিয়মিত বেতন চালুর জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক এনামুল হোসেন জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং দ্রুত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
স্থানীয়রা আশা করছেন, ইউএনও মহোদয়ের সদয় হস্তক্ষেপে বাক-প্রতিবন্ধী কবির হোসেন তার ন্যায্য বেতন পাবেন এবং পরিবারসহ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন।
























