ভূরুঙ্গামারীতে প্রশ্নপত্র ফাঁসের অভিযুক্ত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন
- আপডেট সময় : ০৯:৪৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০২২ সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্ত শিক্ষকদের পুনরায় বিদ্যালয়ে সংযুক্ত করার প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন করেছেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার কলেজমোড় সড়কে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেহাল উদ্দিন বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রধান শিক্ষক লুৎফর রহমানসহ ছয়জন শিক্ষক ও কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। সম্প্রতি তাদের পুনর্বহালের উদ্যোগ নেওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
বক্তারা বলেন, প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর অপরাধে যুক্ত ব্যক্তিদের পুনর্বহাল করলে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হবে। তাই অভিযুক্তদের পুনর্বহাল না করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপি প্রদান করেন।
























