রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত
- আপডেট সময় : ০৪:৩০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি সারাদেশে সন্ধ্যা ৮টার মধ্যে দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংগঠনের সভাপতি নাজমুল হাসান মাহমুদ জানান, স্ট্যান্ডিং কমিটির বুধবারের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং সরকারের সহযোগিতার লক্ষ্যে ঢাকা সহ দেশের সব বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৮টার মধ্যে বন্ধ রাখবে।’ তবে হোটেল, ফার্মেসি, জরুরি প্রয়োজনীয় সেবা প্রদানকারী দোকান এবং কাঁচাবাজার এই নিয়মের বাইরে রাখা হয়েছে।
সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু বলেন, ‘এই সিদ্ধান্তে কতটা বিদ্যুৎ সাশ্রয় হবে, তার কোনো নির্দিষ্ট হিসাব এখনো করা হয়নি। তবে করোনাভাইরাসের সময়ও আমরা রাত ৮টা পর্যন্ত দোকান বন্ধ রাখতাম, সেই অভিজ্ঞতার ওপর ভিত্তি করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।’
তিনি আরও উল্লেখ করেন, ‘আগে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার নিয়মে ব্যবসায়ীরা অভ্যস্ত ছিলেন। বর্তমানে এটি আবার সেই পর্যায়ে ফিরে যাওয়ার উদ্যোগ। সরকার থেকে এ বিষয়ে কোনো নির্দেশনা আসেনি; এটি সম্পূর্ণ ব্যবসায়ীদের নিজস্ব উদ্যোগ।’

























