কালীগঞ্জে প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ১২:১৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জে একই দিনে একই সময়ে দুটি রাজনৈতিক দলের নির্বাচনী জনসভা ও মিছিলের অনুমতি দেওয়াকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ঘটনাকে প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ বলে অভিযোগ করে ঝিনাইদহ-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুতালিব জরুরি সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যার পর কালীগঞ্জ শহরের কলেজ রোডে অবস্থিত জামায়াতের প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে মাওলানা আবুতালিব বলেন, আগামী ৯ ফেব্রুয়ারি সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জামায়াতে ইসলামী একটি নির্বাচনী সমাবেশ ও মিছিল আয়োজন করবে। এ জন্য গত ২৬ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি নেওয়া হয় এবং সে অনুযায়ী প্রচারণাও চালানো হয়েছে।তিনি অভিযোগ করে বলেন, একই দিনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খাঁন কালীগঞ্জ নতুন বাজার মিনি স্টেডিয়ামে জনসভা ও মিছিল আয়োজনের অনুমতি পেয়েছেন। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।
জামায়াত প্রার্থী আরও বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল—ছোট শহরে একই দিনে একাধিক দলের জনসভা আয়োজন সম্ভব নয় এবং যে দল আগে অনুমতি নেবে তাকেই ছাড় দেওয়া হবে। সে ক্ষেত্রে জামায়াত আগে অনুমতি নেওয়ার পর একই দিনের জন্য বিএনপিকে অনুমতি দেওয়ার বিষয়টি তাদের কাছে বোধগম্য নয়।
তিনি আরও বলেন, গত ২২ জানুয়ারি স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের জনসভা থাকায় জামায়াতকে কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি,যা তারা মেনে নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে ৯ ফেব্রুয়ারির কর্মসূচির জন্য অনুমতি নেওয়ার পরও একই দিনে অন্য দলের কর্মসূচি অনুমোদন দেওয়া প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ৯ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামী তাদের সমাবেশ ও মিছিল করবে, যেখানে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে। ওইদিন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তার দায়ভার প্রশাসনকেই নিতে হবে বলে দাবি করেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজওয়ারা নাহিদ বলেন,একই দিনে দুই দলের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হলে সমস্যা হওয়ার কথা নয়। যেহেতু ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী প্রচারণার শেষ দিন, তাই জেলা রিটার্নিং কর্মকর্তার অনুমতিক্রমে উভয় দলকেই সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। তিনি জানান, মঙ্গলবার উভয় দলকে চিঠির মাধ্যমে এক ঘণ্টার সময়ের ব্যবধান নির্ধারণ করে দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক লুৎফর রহমান, ইকবাল হোসাইনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

























