শুধু রাজার ছেলে নয়; শ্রমিকের সন্তানও দেশ চালাবে সেই আয়োজন করছে জামায়াত: আব্দুল হালিম
- আপডেট সময় : ০১:৩২:২১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

শ্রমজীবী মানুষের সন্তানরাও বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেশ পরিচালনা শুধু রাজার ছেলেদের কাজ নয় এ দেশের শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের সন্তানরাও নেতৃত্ব দিতে পারে। সেই লক্ষ্যেই মানবিক নেতা ডা. শফিকুর রহমান নেতৃত্ব দিচ্ছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
সোমবার (২ ফেব্রুয়ারি) নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারাজ হেলিপ্যাড মাঠে আয়োজিত ৪ ফেব্রুয়ারির মহাসমাবেশ উপলক্ষে প্রস্তুতিমূলক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
আব্দুল হালিম বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলে আমরা এই বাংলাদেশে নিজ নিজ সংস্কৃতি ও বিশ্বাসের সঙ্গে বসবাস করব। নাগরিক হিসেবে প্রত্যেকের যে অধিকার আছে, তা সবাই ভোগ করবে। যিনি যে মর্যাদার অধিকারী, তিনি সেই মর্যাদা পাবেন। আলেম-ওলামারা সমাজে সম্মানিত থাকবেন, শিক্ষক সম্মান পাবেন, কৃষক ও শ্রমিক তাদের শ্রমের মর্যাদা ও সম্মান পাবে।
তিনি আরও বলেন, ডালিয়া পয়েন্টের এই ঐতিহাসিক জনসভা বাংলাদেশের মানুষের কাছে আগামী দিনের নির্বাচনের বার্তা পৌঁছে দেবে। দাঁড়িপাল্লা প্রতীকসহ এগারো দলীয় লোকজোটের প্রার্থীরা বিজয়ের পথে এগিয়ে যাচ্ছে। আল্লাহ তা‘আলার কাছে দোয়া করি আমাদের ওপর অর্পিত দায়িত্ব যেন সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে পালন করতে পারি। ৭ ফেব্রুয়ারির জনসভা বাস্তবায়নের মাধ্যমে দাঁড়িপাল্লার বিজয়ের জন্য আমরা কাজ করছি। আমাদের প্রত্যাশা, আগামী ফেব্রুয়ারিতে একযোগে দুটি ভোট অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, একটি হবে গণভোট। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। এই জনসভা থেকে আমরা গণভোটের পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করব। গণভোটে ‘হ্যাঁ’ মানে হলো জুলাই যোদ্ধাদের স্বীকৃতি, জুলাই সনদের স্বীকৃতি, শহীদদের মর্যাদা নিশ্চিত করা এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার। পাশাপাশি আহতদের সুচিকিৎসা ও তাদের নিয়ে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার।
তিনি আরও বলেন, সংসদ নির্বাচনে ভোট দিতে হবে দাঁড়িপাল্লা প্রতীকে। সাতটি আসনেই ইনশাল্লাহ দাঁড়িপাল্লার বিজয় হবে। দল-মত ও ধর্ম নির্বিশেষে মানুষ অপেক্ষা করছে কবে বারো তারিখ আসবে, কবে দাঁড়িপাল্লায় ভোট দেবে। এই গণজোয়ার তৈরির বার্তা তিস্তা চর থেকে ৪ ফেব্রুয়ারি দেশজুড়ে ছড়িয়ে পড়বে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক আব্দুর রশিদ, লালমনিরহাট জেলার সাবেক আমির আতাউর রহমান, নীলফামারী জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জেলা সেক্রেটারি আন্তাজুল ইসলাম, লালমনিরহাট-১ আসনের প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু ও বিভিন্ন জেলা-উপজেলার নেতৃবৃন্দ।

























