রাজারহাটের চর গতিয়াশাম গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড, পাঁচ পরিবার নিঃস্ব
- আপডেট সময় : ০৪:৫৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চর গতিয়াশাম গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই সঙ্গে পাঁচটি পরিবারের অন্তত ১২টি টিনের বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় ধান, আলু, আসবাবপত্রসহ প্রায় ১৬ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। শনিবার রাতের এই অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি না হলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সর্বস্ব হারিয়ে চরম দুর্দশায় পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময়ে একটি ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। টিনের ঘর হওয়ায় আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে কয়েকটি পরিবারের বসতঘর ছাড়াও ঘরে রাখা ফসল ধান, আলু, আসবাবপত্র, কাপড়চোপড় ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়।
খবর পাওয়া মাত্রই স্থানীয় লোকজন আগুন নেভাতে ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে ক্ষয়ক্ষতির পরিমাণ ভয়াবহ রূপ নেয়।
রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-ইমরান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ইউএনও প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন এবং দ্রুত পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান।
এ ঘটনায় ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে একাধিক টিনের ঘর, আসবাবপত্র, ধান ও আলুসহ আনুমানিক ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সরকারের সর্বোচ্চ সহযোগিতা ও সমাজের বৃত্তবান লোকদের এগিয়ে আসার জন্য আহ্বান করেন স্থানীয় লোকজন।

















