চুয়াডাঙ্গায় ভোট চাইতে গিয়ে জামায়াত বিএনপি সমর্থকদের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন
- আপডেট সময় : ০৫:০০:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা-১ আসনের আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের যুগীরহুদা গ্রামে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে জামায়াত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের পক্ষে ভোট চাইতে গেলে বিএনপি সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডা ও একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এতে উভয় দলের কয়েকজন নেতাকর্মী আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল সাড়ে ৩টার দিকে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে দলটির নারী নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছিলেন। এ সময় এলাকায় অবস্থানরত বিএনপির কিছু নারী কর্মী তাদের কার্যক্রমে বাধা দেন। জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ওই সময় নারী কর্মীদের সঙ্গে অশালীন আচরণ ও হেনস্তা করা হয়।
পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে বিএনপির কয়েকজন পুরুষ কর্মী ঘটনাস্থলে এসে জামায়াতের নারী কর্মীদের গ্রাম থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এতে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। সংঘর্ষে উভয় দলের কয়েকজন নেতাকর্মী আহত হন বলে স্থানীয়রা জানান।
জামায়াতের নেতাকর্মীরা দাবি করেন, দাওয়াতি ও প্রচার কার্যক্রমে অংশ নেওয়া তাদের নারী কর্মীদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাধা দেওয়া হয়েছে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। অপরদিকে, বিএনপির স্থানীয় কর্মীদের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানি ইসরাইল জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।”
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, নির্বাচনী পরিবেশে এ ধরনের ঘটনা জনমনে উদ্বেগ সৃষ্টি করছে এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড নিশ্চিত করতে সকল পক্ষের দায়িত্বশীল আচরণ জরুরি।


























