ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে এলপিজি বিক্রি করায় ডিলারকে জরিমানা
- আপডেট সময় : ০২:১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার গোকর্ণঘাট এলাকায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির দায়ে এক গ্যাস ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে গোকর্ণঘাট এলাকার ‘নিউ এলপিজি গ্যাস হাউজ’-এ অনিয়মের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটি বিভিন্ন প্যাকেজের অজুহাতে সরকার নির্ধারিত ১ হাজার ৩০৬ টাকা মূল্যের এলপিজি গ্যাস সিলিন্ডার সর্বোচ্চ ২ হাজার ১০০ টাকায় বিক্রি করছিল। এছাড়া বিক্রয় সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র বা রশিদ দেখাতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি।
এ সময় উপস্থিত একাধিক ভোক্তা অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অভিযোগ করেন। ভোক্তাদের বক্তব্য ও অন্যান্য প্রমাণ যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে অভিযুক্ত প্রতিষ্ঠান দোষ স্বীকার করে নেয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী নিউ এলপিজি গ্যাস হাউজকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে পুনরায় এমন অপরাধ করলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


























