হালুয়াঘাটে শীতে বাড়ছে শিশু রোগীর চাপ
- আপডেট সময় : ০৩:০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

শীতে হালুয়াঘাটের হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বেড়েছে। প্রতিদিনই শ্বাসকষ্ট, সর্দি-কাশি, জ্বর, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে উল্লেখযোগ্য সংখ্যক শিশু ভর্তি হচ্ছেন।
চিকিৎসকরা জানান, চলতি শীতে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় দুই থেকে তিন গুণ পর্যন্ত বেড়েছে। পাঁচ বছরের নিচের শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। সারাদেশের মতো হালুয়াঘাটেও গত কয়েক সপ্তাহ ধরে মৌসুমি বায়ুর প্রভাবে তীব্র শীত পড়েছে, বিশেষ করে ভোর ও রাতে।
হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায়, শীত বাড়ার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট, সর্দি-কাশি ও ডায়রিয়ার রোগী বাড়ছে। একই সঙ্গে বেসরকারি হাসপাতাল ও চিকিৎসকের চেম্বারেও শিশু রোগীর চাপ বেড়েছে। হাসপাতালের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে ও অক্টোবরে শূন্য থেকে পাঁচ বছর বয়সী দেড় হাজারের বেশি শিশু এখানে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে প্রায় ৬ শতাংশ নিউমোনিয়া ও ১০ শতাংশ ডায়রিয়ায় আক্রান্ত ছিল। ডিসেম্বরে নিউমোনিয়ার রোগী কিছুটা কমলেও বর্তমানে শ্বাসকষ্ট ও ডায়রিয়ার রোগী বেশি ভর্তি হচ্ছে। বর্তমানে শিশুস্বাস্থ্য বিভাগের ইউনিটে ত্রিশের বেশি শিশু ভর্তি রয়েছে।
হাসপাতালের এক মেডিকেল অফিসার বলেন, গত কয়েক সপ্তাহ ধরে বহির্বিভাগে শিশু রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত শিশুরা বেশি আসছে। ডায়রিয়ার রোগীর সংখ্যাও তুলনামূলক বেশি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র পন্ডিত জানান, সাধারণত শীতের শুরু ও শেষের দিকে নিউমোনিয়ার প্রকোপ বেশি থাকে। বর্তমানে নিউমোনিয়ার তুলনায় ডায়রিয়ার রোগী বেশি দেখা যাচ্ছে।


























