মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় প্রাণ গেল মা-মেয়ের
- আপডেট সময় : ০৪:৪৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

নওগাঁর পত্নীতলায় মোটরসাইকেল থেকে পড়ে কাঠবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নজিপুর পৌর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ক্ষুব্ধ লোকজন ট্রাকটি ভাঙচুর করে এবং চালককে মারধর করে।
নিহতরা হলেন আকবরপুর ইউনিয়নের উষ্টি গ্রামের কাওছার আলীর স্ত্রী খাতিজা (২৮) ও তাদের ৯ বছর বয়সী মেয়ে ফাতেমা।
পুলিশ জানায়, কাওছার আলী স্ত্রী ও কন্যাকে নিয়ে নজিপুর বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে নজিপুর পৌর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় সাপাহার থেকে নজিপুরগামী একটি কাঠবোঝাই ট্রাক তাদের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

















