শ্রীপুরে ২৩ মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার
- আপডেট সময় : ০৬:০১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে মাদক উদ্ধার অভিযানে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুর করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ২৩ মামলার আসামি জাহাঙ্গীর আলম (২৬) কে গ্রেপ্তার করেছে র্যাব-১।
শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে র্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাফিজ বিন জামাল বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার জাহাঙ্গীর আলম শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নান্নু মিয়ার ছেলে। পুলিশের ওপর হামলার পর দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।
র্যাব জানায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১১টার দিকে শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাতেই তাকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়।
র্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার নাফিজ বিন জামাল জানান, গত ৩১ ডিসেম্বর রাতে মাওনা পিয়ার আলী কলেজ সংলগ্ন জাহাঙ্গীরের বাড়ির সামনে মাদক বিক্রির তথ্য পেয়ে শ্রীপুর থানা পুলিশ অভিযান চালায়। এ সময় ৩০ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর ও তার দুই সহযোগীকে আটক করা হয়। পরে তাদের পুলিশের গাড়িতে তোলার সময় রামদা, লাঠি ও লোহার রড নিয়ে একদল দুর্বৃত্ত পুলিশের ওপর হামলা চালায় এবং জাহাঙ্গীর ও রাজীব (৩৩) নামে আরেক আসামিকে ছিনিয়ে নেয়।
পরবর্তীতে রাজীবকে গ্রেপ্তার করা হলেও জাহাঙ্গীর আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় মামলা দায়েরের পর র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে আনসার রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মাদক, হত্যাসহ একাধিক মামলা রয়েছে। শুক্রবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।


























