শ্রীমঙ্গলে ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৩৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার ফুলছড়া চা-বাগান মাঠে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে চা-শ্রমিক জনগোষ্ঠীকে নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল। তিনি বলেন, চব্বিশের জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে এই গণভোটের মাধ্যমে জনগণের দাবি তুলে ধরা হচ্ছে। নির্বাচনে যদি ‘হ্যাঁ’ ভোট আসে, তবে দেশের নাগরিকরা সুযোগ-সুবিধা ও অধিকারের পূর্ণ সুবিধা ভোগ করতে পারবেন। অন্যথায় দেশের পূর্বের দুর্যোগময় পরিস্থিতিতে ফিরে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই তিনি ভোটারদের উৎসবমুখর পরিবেশে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানান এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) মোঃ মামুনুর রশীদ, ফুলছড়া চা-বাগানের ম্যানেজার শফিকুর রহমান, ফিনলে বালিশিরা ব্লকের ডিজিএম সালাউদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার, এসি ল্যান্ড, ওসি তদন্তসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। এছাড়া বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, চা-বাগান পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, গত ১৭ বছর ধরে ভোটাধিকার প্রয়োগে বাধার কারণে নাগরিকরা হতাশ হয়েছেন। আসন্ন নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সামাজিক মর্যাদা সংরক্ষণ সম্ভব। তারা আশা প্রকাশ করেন, গণভোটে অংশগ্রহণ দেশের জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন জানান, ভোটারদের সচেতন করার জন্য লিফলেট ও পোস্টার বিতরণ, মাইকিং এবং মাঠ পর্যায়ে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে ক্যামেরা স্থাপন ও আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সভায় বিপুল সংখ্যক চা-শ্রমিক নারী-পুরুষ সরব উপস্থিতি ছিল। বক্তারা গণভোটে অংশগ্রহণের গুরুত্ব, ভোটের পদ্ধতি এবং অংশগ্রহণ না করার সম্ভাব্য ক্ষতির দিকগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।


























