হাতিয়ায় রোলার চাপায় দ্বিতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
- আপডেট সময় : ০৬:৫৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

নোয়াখালীর হাতিয়ায় সড়ক নির্মাণকাজে ব্যবহৃত রোলারের চাপায় মো. আজিম (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্র নিহত হয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম বেজুগালিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই এলাকায় রোলার দিয়ে সড়ক নির্মাণ চলছিল। দুপুরের দিকে শিশু আজিম রোলারটি দেখতে গেলে অসাবধানতাবশত তার একটি পা রোলারের ভেতরে ঢুকে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা বেলাল উদ্দিন বলেন, চালক নতুন, তিনি সাবধানতার কথা বললেও অসতর্কতার কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তিনি সুষ্ঠু বিচার দাবি করেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক, প্রশাসন ও পৌরসভা নিহত পরিবারের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

















