বরিশালে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- আপডেট সময় : ০৬:২৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

বরিশালের বানারীপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদ, মহাশশ্মান কমিটি ও কেন্দ্রীয় সার্বজনিন দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক এবং পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গৌতম সমদ্দার (৫৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে বানারীপাড়া বন্দর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।
গৌতম সমদ্দার উপজেলা পুরোহিত কমিটির সভাপতি, সাবেক পৌর কাউন্সিলর এবং বানারীপাড়া বাজারের একজন সার ডিলার হিসেবেও পরিচিত।
পুলিশ জানায়, চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির সরদারের দায়ের করা বিস্ফোরক ও ঘরপোড়া মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, মামলার তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।






















