উলিপুরে আহত অবস্থায় ময়ূর উদ্ধার
- আপডেট সময় : ০৫:২৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের উলিপুরে আহত অবস্থায় একটি ময়ূর উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। রোববার (১১ জানুয়ারি) সকালে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ বাজার এলাকার সাদ্দাম হোসেনের বাড়ি থেকে ময়ূরটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে দেলদারগঞ্জ এলাকার ব্রহ্মপুত্র নদের তীরবর্তী একটি ভুট্টাক্ষেতের পাশে ময়ূরটি দেখতে পান এলাকাবাসী। পরে ময়ূরটিকে ধরার চেষ্টা করলে একপর্যায়ে ভুট্টাক্ষেতের জালে আটকা পড়ে এটি আহত হয়। এরপর স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন ময়ূরটিকে ধরে বাড়িতে নিয়ে যান।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান ও উপজেলা বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ময়ূরটিকে উদ্ধার করেন।
উলিপুর উপজেলা বন কর্মকর্তা ফজলুল হক জানান, উদ্ধারকৃত ময়ূরটির বাম পায়ে ক্ষত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান বলেন, উদ্ধার করা ময়ূরটিকে পরবর্তী চিকিৎসা ও নিরাপত্তার জন্য রংপুর বন বিভাগীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।






















