সংখ্যালঘু ট্যাগ দিয়ে আওয়ামীলীগ রাজনৈতিক সুবিধা নিয়েছে: এটিএম আজহারুল ইসলাম
- আপডেট সময় : ০৫:৩০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর ও রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সংসদ প্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেছেন, বিগত ১৭ বছরে সংখ্যালঘু ট্যাগ দিয়ে আওয়ামীলীগ রাজনৈতিক সুবিধা নিয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বেলা ১২টার দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর চাকলায় জামায়াতের উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।
স্থানীয় চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বৈঠকে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ প্রায় ৩ শতাধিক মানুষ অংশ নেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, আমরা সবাই মানুষ, আমাদের পরিচয় এক। মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। দীর্ঘদিন ধরে সংখ্যালঘু ও সংখ্যাগুরু বিভাজন সৃষ্টি করে আওয়ামী লীগ সরকার রাজনীতি করেছে, যা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় ঐক্যের পরিপন্থী। অতীতে সংখ্যালঘু ট্যাগ ব্যবহার করে তারা সনাতন ধর্মাবলম্বীদের কাছ থেকে রাজনৈতিক সুবিধা আদায় করেছে। আমরা বিভাজনের সেই রাজনীতি চাই না।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় বিশ্বাসী। এ লক্ষ্য অর্জনে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানাই।

















