অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ১০ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ০৬:৪২:০৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৬১ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের শ্রীনগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও দুগ্ধজাত পণ্য প্রস্তুতের অভিযোগে একটি মিষ্টির দোকানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে জেলার শ্রীনগর উপজেলার বালাশুর বৌবাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদনের দায়ে ‘বাংলাদেশ মিষ্টি ভান্ডার’-এর মালিক সুব্রত ঘোষকে জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, বিকেল ৪টার দিকে বালাশুর বৌবাজারে অবস্থিত মিষ্টির দোকানটিতে অভিযান চালানো হয়। পরিদর্শনে দেখা যায়, দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও দই প্রস্তুত করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে জরিমানা আরোপ করা হয়।
অভিযানকালে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
















