বৈষম্যবিরোধী নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে থানা ঘেরাও
- আপডেট সময় : ০৫:৪৪:১৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় প্রকাশ্যে হুমকিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে হবিগঞ্জ সদর থানা ঘেরাও করে বিক্ষোভে নামেন সংগঠনটির নেতাকর্মীরা।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাহদী হাসানকে গ্রেপ্তার করা হয়। তিনি হবিগঞ্জ সদরের বাধই গ্রামের বাসিন্দা এবং মাওলানা আবু তয়বের ছেলে।
গ্রেপ্তারের পর থানার প্রধান ফটক বন্ধ থাকায় বিক্ষোভকারীরা গেটের বাইরে অবস্থান নেন। এ সময় তারা স্লোগান দেন এবং পুলিশের বিরুদ্ধে উচ্চস্বরে প্রতিবাদ জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানার সামনে সেনাবাহিনী মোতায়েন করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জ থানার ভেতরে বসে ওসিকে উদ্দেশ করে ‘থানা পুড়িয়ে দেওয়া’ ও এক এসআইকে জ্বালিয়ে দেওয়ার মতো বক্তব্য দিয়ে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।
এদিকে গ্রেপ্তারের আগেই মাহদী হাসানকে কারণ দর্শানোর নোটিশ দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি। নোটিশে বলা হয়, তার বক্তব্য সংগঠনের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক এবং এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত নোটিশে মাহদী হাসানকে তার বক্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয় এবং কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়।
হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন বিষয়টি নিশ্চিত করে বলেন, থানার ওসিকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগেই মাহদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।


















