সুন্দরগঞ্জবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মাহমুদুল ইসলাম প্রামানিক
- আপডেট সময় : ০১:২৪:২২ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামানিক।
তিনি গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, ভাটি কাপাসিয়া সেসিপ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, গাইবান্ধা জেলা শিক্ষক সমিতির সভাপতি এবং বেলকা ডিগ্রি কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষা, সমাজসেবা ও রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের সক্রিয় ভূমিকার কারণে তিনি এলাকায় একজন পরিচ্ছন্ন, মানবিক ও জনবান্ধব ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন।
এক শুভেচ্ছা বার্তায় মাহমুদুল ইসলাম প্রামানিক বলেন, ‘পবিত্র ঈদুল আজহা শুধু আনন্দের উৎসব নয়, এটি ত্যাগ, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মহান আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের এক মহিমান্বিত শিক্ষা। হযরত ইব্রাহিম (আ.)-এর মহান কোরবানির আদর্শ আমাদের জীবনে সত্য, ন্যায়, ধৈর্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার অনুপ্রেরণা জোগায়। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সেই আদর্শ বাস্তবায়নের মধ্যেই ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত রয়েছে।’
তিনি আরও বলেন, ‘ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন সমাজের ধনী-গরিব, সুবিধাভোগী-অসহায় সবাই একসঙ্গে সেই আনন্দ ভাগাভাগি করে নিতে পারে। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, তাদের মুখে হাসি ফোটানো এবং সমাজে ভালোবাসা ও সহমর্মিতার পরিবেশ সৃষ্টি করাই হোক এবারের ঈদের অঙ্গীকার।’
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, মানুষের কল্যাণে কাজ করাই রাজনীতির মূল উদ্দেশ্য। দীর্ঘদিন ধরে মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে নিজেকে নিয়োজিত রাখতে চাই।’
মাহমুদুল ইসলাম প্রামানিক আরও বলেন, ‘সুন্দরগঞ্জকে একটি আধুনিক, শান্তিপূর্ণ, উন্নয়নমুখী ও মানবিক উপজেলা হিসেবে গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ সমাজকে মাদক, অপরাধ ও অবক্ষয় থেকে দূরে রেখে শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। তাহলেই একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণ সম্ভব।’
শুভেচ্ছা বার্তায় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন।
পরিশেষে তিনি সুন্দরগঞ্জ উপজেলাবাসীসহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে বলেন, ‘পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও কল্যাণ। ঈদ মোবারক।’

















