চীনের কাছেও হারল মেয়েরা
- আপডেট সময় : ০৮:০০:১১ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে

এএফসি এশিয়ান কাপ নারী অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে শক্তিশালী চীন-এর কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-২০ ফুটবল দল। তবে হারের ম্যাচেও দারুণ নৈপুণ্য দেখিয়েছেন গোলরক্ষক মিলি আক্তার।
গতকাল থাইল্যান্ডের নন্থবুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। প্রথমার্ধে গোলশূন্য ড্র থাকলেও দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে দলটি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই চীন এগিয়ে যায়। ডান প্রান্ত থেকে আক্রমণে বল বক্সে পৌঁছালে সহজ প্লেসিংয়ে গোল করেন মিডফিল্ডার ইউও। এরপর ৮২ মিনিটে ফ্রিকিক থেকে দূরপাল্লার জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন ওয়াং। বাংলাদেশের গোলরক্ষক মিলি চেষ্টা করেও বলটি ঠেকাতে পারেননি।
ম্যাচজুড়ে বাংলাদেশের রক্ষণভাগ ব্যস্ত সময় পার করে। বিশেষ করে মিলি আক্তার কয়েকটি দুর্দান্ত সেভ করে বড় ব্যবধানে হার এড়ান। তবে আক্রমণভাগ তেমন সুযোগ তৈরি করতে পারেনি। ফরোয়ার্ড সাগরিকা মাঝে মাঝে কাউন্টার অ্যাটাকে বল এগিয়ে নিলেও তা থেকে গোলের সম্ভাবনা তৈরি হয়নি।
এর আগে সিনিয়র দলের মতো জুনিয়র দলও চীনের কাছে একই ব্যবধানে হেরেছে। তবুও শেষ আটে ওঠার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি বাংলাদেশের।
গ্রুপপর্বের শেষ ম্যাচে ভিয়েতনামের মুখোমুখি হবে পিটার বাটলারের দল। ওই ম্যাচে জয় পেলে বা ভালো ফল করলে সেরা তৃতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ পেতে পারে বাংলাদেশ।
১২ দলের এই আসরে তিন গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ মিলিয়ে ছয়টি দল সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠবে। বাকি দুটি জায়গা পাবে সেরা দুই তৃতীয় দল।
ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ এখন বাংলাদেশের জন্য ‘বাঁচা-মরার’ লড়াই হয়ে দাঁড়িয়েছে।























