ফেনী-২
মঞ্জুকে নিয়ে ঈগল প্রতীকের প্রচারণায় জামায়াত জোটের নেতারা
- আপডেট সময় : ০১:২০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে ঈগল প্রতীকের প্রার্থী আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর পক্ষে প্রচারণায় নেমেছেন জামায়াতে ইসলামী ও তাদের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের নেতারা।
বৃহস্পতিবার সকালে ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদের সামনে থেকে প্রচারণা কার্যক্রম শুরু হয়। এতে অংশ নেন জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান, সাবেক জেলা আমির একেএম সামছুদ্দীন, এনসিপির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, সদস্য সচিব শাহওয়ালী উল্যাহ মানিক, এবি পার্টির সভাপতি আহছান উল্যাহ, সাধারণ সম্পাদক মো. ফজলুল হকসহ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও জুলাই আন্দোলনের যোদ্ধারা।
প্রচারণা শুরুর আগে মজিবুর রহমান মঞ্জু সাংবাদিকদের বলেন, এখনো নির্বাচনে সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি, যা আমাদের উদ্বিগ্ন করছে। তিনি বলেন, বিভিন্ন জায়গায় নারীদের ওপর হামলা, সহিংস ঘটনা ঘটছে। চট্টগ্রামে অস্ত্র উদ্ধারে গিয়ে একজন র্যাব কর্মকর্তা নিহত হওয়ার ঘটনাও আমাদের গভীরভাবে ভাবিয়ে তুলেছে। দেশের নানা স্থানে এমন ঘটনা ঘটছে এবং আমাদের নেতাকর্মীরাও হুমকি-ধমকির মুখে পড়ছেন বলে খবর পাচ্ছি।
তিনি আরও বলেন, প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে যে বড় দল, ছোট দল বা মাঝারি দল নয়, সব প্রার্থী ও ভোটারের নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমরা চাই এই আশ্বাস বাস্তবে প্রতিফলিত হোক এবং নির্বাচনে সমান সুযোগ নিশ্চিত করা হোক। অন্যথায় নির্বাচন নিয়ে আমাদের ভিন্ন অবস্থান নিতে হতে পারে।


























