মানিকগঞ্জে পাওয়ার গ্রিডে ডাকাতির ঘটনায় ৬’শ কেজি তামা উদ্ধার, ৮ ডাকাত গ্রেফতার
- আপডেট সময় : ০৫:২৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের শিবালয়ে নিউ আরিচা ১২৩/১৩৩ কেভি এয়ার ইনসুলেটেড সুইচগিয়ার পাওয়ার গ্রিডে সংঘটিত ডাকাতির ঘটনায় পুলিশ আরও ৬শ’ কেজি তামা উদ্ধার করেছে। আটক ডাকাতদের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার ঢাকার মিডফোর্ড এলাকায় অভিযান চালিয়ে এ মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গত ৮ ডিসেম্বর রাতে শিবালয়ের বরংগাঈলে অবস্থিত নিউ আরিচা পাওয়ার গ্রিডে ডাকাতির ঘটনা ঘটে। ১৫-২০ জনের সংঘবদ্ধ ডাকাত দল গ্রিডের নিরাপত্তাকর্মী ও শ্রমিকদের জিম্মি করে কপার মেস, আর্থিং মেস, কপার প্লেটসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম লুটে নেয়। এ সময় ডাকাতরা সিসিটিভি ক্যামেরা ও মনিটর ভাঙচুর করে। ডাকাতদের হামলায় গ্রিডের একজন নিরাপত্তাকর্মী গুরুতর আহত হন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শিবালয় থানার উপ-পরিদর্শক এসআই সুমন চক্রবর্তী জানান, তদন্ত ও পৃথক অভিযানের মাধ্যমে ৮ জনকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের অনুমোদনে রিমান্ডে ডাকাতদের দেওয়া তথ্য অনুযায়ী কয়েক দফা অভিযানে এ পর্যন্ত ৬শ’ কেজি তামার তার উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থল থেকে ডাকাত দলের ফেলে যাওয়া ২০টি মোবাইল ফোন, একটি মনিটর, একটি ইউপিএস, হাত-পা বাঁধার কাজে ব্যবহৃত ছেঁড়া গামছা ও রশি উদ্ধার করা হয়েছে। এছাড়া, গ্রিডের ভেতরের কিছু ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, “তদন্তের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে এ পর্যন্ত ৮ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।”

















