চর দখলের চেষ্টা, দুজন আটক
- আপডেট সময় : ০৮:৪৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

নোয়াখালীর হাতিয়া উপজেলায় চরের সরকারি খাস জায়গা দখলের চেষ্টাকালে প্রশাসন অভিযান চালিয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বুড়িরচর ইউনিয়নের রহমত বাজার পর্যটন এলাকা সংলগ্ন চরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ভূমিহীন সংগঠনের ব্যানারে কিছু মানুষকে ওই এলাকায় নিয়ে এসে টাকার বিনিময়ে জমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। সকাল থেকেই জায়গা পরিমাপ ও স্লিপ বিতরণের কার্যক্রম শুরু হয়। বন বিভাগের বাধার পরও দখলকারীরা কার্যক্রম চালিয়ে যেতে থাকেন।
বিকেলে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হলে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে প্রশাসনের একটি দল অভিযান পরিচালনা করে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দখলকারীরা পালিয়ে যায়। তবে চরকিং ইউনিয়নের মৃত আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ আবুল কাশেম এবং চরইশ্বর ইউনিয়নের মোবাশ্বের আহমেদের ছেলে মোহাম্মদ হাশেমকে আটক করা হয় এবং ব্যবহৃত একটি ট্রলার জব্দ করা হয়েছে।
হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম ও ইউএনও মো. আলাউদ্দিন জানান, এটি সরকারি খাস জমি, যা এখনও বন্দোবস্ত দেওয়া হয়নি। অভিযানের বিষয়টি তদন্ত করে আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

















