এনসিপি নেতাকে গুলি, অল্পে প্রাণরক্ষা
- আপডেট সময় : ০৮:০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে গাজীপুর মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডের মোগড়খাল এলাকায় এ ঘটনা ঘটে। তবে সৌভাগ্যক্রমে গুলিবিদ্ধ না হওয়ায় তিনি প্রাণে রক্ষা পান।
গুলির লক্ষ্য হওয়া এনসিপি নেতার নাম হাবিব চৌধুরী। তিনি এনসিপির গাজীপুর মহানগর কমিটির সদস্য। হাবিব চৌধুরীর বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ব্রাহ্মণ বাউগা গ্রামে। বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর বাসন থানার মোগড়খাল (৭১ গলি) এলাকায় বসবাস করছেন।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, হাবিব চৌধুরী তার ব্যবহৃত একটি মোটরসাইকেল বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দেখে দুজন ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করেন। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার সকালে তারা মোটরসাইকেলটি দেখতে মোগড়খাল এলাকায় আসেন। প্রায় এক ঘণ্টা ধরে মোটরসাইকেলটি যাচাই-বাছাই করেন তারা।
একপর্যায়ে একজন মোটরসাইকেলটি টেস্ট ড্রাইভের কথা বলে চালাতে শুরু করেন। ঠিক তখনই অপর ব্যক্তি হাবিব চৌধুরীর দিকে আগ্নেয়াস্ত্র তাক করে এক রাউন্ড গুলি ছুড়ে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। হাবিব মোটরসাইকেলের পেছনে দৌড় দিলে পালিয়ে যাওয়া দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে আরও একটি গুলি ছোড়ে। দুটি গুলিই লক্ষ্যভ্রষ্ট হয়। ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে হাবিব চৌধুরী বলেন, ‘মোটরসাইকেল কেনার কথা বলে তারা আমার সঙ্গে দেখা করে। একজন টেস্ট করার কথা বলে বাইকে ওঠে, আরেকজন হঠাৎ করে আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ভাগ্য ভালো, গুলি লাগেনি। এরপর তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আমি আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’
এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আলী নাছের খান। তিনি বলেন, ‘এটি একটি পরিকল্পিত হত্যাচেষ্টা। ফাঁদ পেতে জুলাইযোদ্ধা হাবিব চৌধুরীকে গুলি করা হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের ওপর হামলা চালানো হচ্ছে।’ তিনি দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, ‘ঘটনার বিষয়টি আমরা অবগত। ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান রয়েছে।’


























