সিদ্ধিরগঞ্জে পাইপ ফেটে ভোজ্যতেল সড়কে, সংগ্রহে মানুষের হিড়িক
- আপডেট সময় : ০৭:৩৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৬২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে টিকে গ্রুপের একটি ভোজ্যতেল আনলোডের সময় পাইপ ফেটে সড়কে তেল ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় সড়কে পড়া তেল সংগ্রহ করতে উৎসুক জনতার ভিড় দেখা যায়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে কাঁচপুর ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কাঁচপুর ব্রিজের নিচে টিকে গ্রুপের ভোজ্যতেল আনলোডের কাজ চলছিল। এ সময় হঠাৎ একটি পাইপ ফেটে যায় এবং তেল সড়কে ছড়িয়ে পড়ে। পরে আশপাশের মানুষ বালতি ও ড্রাম নিয়ে পড়ে থাকা তেল সংগ্রহ করতে শুরু করেন। একপর্যায়ে কোম্পানি কর্তৃপক্ষ সরবরাহ লাইন বন্ধ করে দেয়।
টিকে গ্রুপের অ্যাকাউন্টস ম্যানেজার আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন এবং তিনি তখন গাজীপুরে একটি অনুষ্ঠানে ছিলেন।
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজ বলেন, পুলিশ গিয়ে তেমন কিছু পায়নি। বিষয়টি মূলত হাইওয়ে পুলিশ দেখছে।
এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, টিকে গ্রুপের পুষ্টি তেলের একটি পাইপ ফেটে কিছু তেল সড়কে পড়ে যায়। খুব বেশি পরিমাণ না হলেও উপস্থিত লোকজন পড়ে থাকা তেল সংগ্রহ করে নেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তেল সরিয়ে নেওয়া হয়।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, পুলিশ পাঠানো হলেও সেখানে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় হাইওয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
























