ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেতার
- আপডেট সময় : ০৫:৪৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্রেপ্তার এড়াতে ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হয়নি আওয়ামী লীগ নেতা হাজী মজনু সরকারের (৪৬)। জয়পুরহাটের কালাই উপজেলার একটি ধানক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করেছে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার।
গ্রেপ্তার মজনু সরকার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ওই উপজেলার আলী গ্রামের মৃত নাসির সরকারের ছেলে। এ ছাড়া তিনি গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে সীমান্তবর্তী এলাকার একটি ধানক্ষেতে আত্মগোপন করেছিলেন মজনু সরকার। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে ডিবি পুলিশের একটি দল জয়পুরহাটের কালাই উপজেলার ওই ধানক্ষেতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল মোত্তালিব সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধানক্ষেতে লুকিয়ে থাকা অবস্থায় মজনু সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।






















