সুন্দরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- আপডেট সময় : ০২:৩২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ মো. আমিনুল ইসলাম (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পূর্ব বাছহাটি গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে সুন্দরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব বাছহাটি গ্রামে আমিনুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার শয়ন ঘরে একটি স্টিলের বাক্সের ভেতর থেকে সাদা পলিথিনে মোড়ানো ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, ‘এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

























