ফলাফল অপেক্ষায় শিক্ষার্থীরা
পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই শেষ জকসু নির্বাচন
- আপডেট সময় : ০৭:২৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন মঙ্গলবার (৬ জানুয়ারি) শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই নির্বাচনে দিনভর শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে। ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স সংগ্রহ ও গণনার প্রস্তুতি চলছে। পুরো ক্যাম্পাস এখন ফলাফলের অপেক্ষায়।
সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন সূত্র জানায়, এবারের নির্বাচনে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে।
নির্বাচনের দিন সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। নারী শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
দুপুরে নির্বাচন পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল।
নির্বাচন চলাকালে পাল্টাপাল্টি অভিযোগের ঘটনাও সামনে আসে। শিবির–সমর্থিত একটি প্যানেলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, তাদের ভিপি প্রার্থীর স্ত্রীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে। অন্যদিকে বাংলাবাজার এলাকার এক ব্যবসায়ী অভিযোগ করেন, ভোটের দিন নিজ দোকানে যাওয়ার পথে ছাত্রদলের কিছু নেতাকর্মীর হাতে তিনি হেনস্তার শিকার হন।
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। নির্বাচন কমিশন জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভোটগ্রহণ শেষে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে যেমন উৎকণ্ঠা দেখা গেছে, তেমনি সাধারণ শিক্ষার্থীদের মাঝেও ফলাফল নিয়ে কৌতূহল বিরাজ করছে। অনেক শিক্ষার্থী নিজ নিজ সমর্থকদের নিয়ে ক্যাম্পাসে অবস্থান করছেন।
ভোট দিয়ে বেরিয়ে আসা শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন পর জকসু নির্বাচনে ভোট দিতে পেরে তারা আনন্দিত। সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মায়িশা ফাহমিদা ইসলাম বলেন, ভোটকেন্দ্রের পরিবেশ ছিল উৎসবমুখর। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রিফাত বলেন, জীবনের প্রথম ভোট দেওয়ার অভিজ্ঞতা ছিল আলাদা।
এদিকে জকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। মঙ্গলবার রফিক ভবনের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্যসচিব অধ্যাপক ড. বিলাল হোসাইন অভিযোগ করেন, ব্যালট নম্বরসংবলিত বই ভোটকেন্দ্রে প্রবেশ করানো হয়েছে, যা আচরণবিধির লঙ্ঘন। বিষয়টি নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানানো হয়েছে বলে তিনি জানান।
অন্যদিকে ভোটগ্রহণে সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দিন। তিনি বলেন, কেউ জিতবে, কেউ হারবে এটাই গণতান্ত্রিক প্রক্রিয়া। তবে ভোটের সঙ্গে যুক্ত সবাইকে নিরপেক্ষ থাকতে হবে।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২১ বছরে এই প্রথম জকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো। এর আগে জগন্নাথ কলেজ থাকাকালে ১৯৮৭ সালে কলেজ ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই নির্বাচনকে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার চর্চার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


























